চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে আনুমানিক ৪৩ থেকে ৪৪ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে পৌরসভার কৃষি ফার্ম রোড এলাকায় একটি পানের দোকানের সামনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জমির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






