চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় চালু হচ্ছে অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ সরকারি-বেসরকারি সব ধরনের কার্যক্রম।
গত ২১ মার্চ দেশে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ভোগ করেন কর্মজীবীরা।
ছুটি শেষে মঙ্গলবার থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের ছুটির আমেজ পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
অতীত অভিজ্ঞতায় দেখা যায়, ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়া তুলনামূলক কম ব্যস্ত থাকে; সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়েই সময় কেটে যায়। একইভাবে ব্যাংকিং খাতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন কম হয়।
এদিকে, অফিস খোলার মাত্র একদিন পরই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ফলে অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় অনেকে দীর্ঘ ছুটির ধারাবাহিকতা বজায় রাখছেন।
সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহজুড়ে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে বাড়বে এবং আগামী সপ্তাহে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।
অন্যদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র খাতেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি শেষে মঙ্গলবার থেকে তারাও নিয়মিত কার্যক্রমে ফিরছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





