সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য ছিলেন। এর আগে উপ-উপাচার্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৭৫ বছর।

তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এরপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন আনোয়ারুল আজিম আরিফ। তাঁর পিতা সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top