চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সংসদ সদস্য আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন






