বিনোদন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম হিসেবে সেন্সর ছাড়পত্র পেল রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। ছবিটি ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। ফলে সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে প্রতীক্ষিত এই সিনেমাটি।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত সিনেমা ‘দম’ ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে প্রায় দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
সম্প্রতি সিনেমাটির অফিসিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে সিনেমা ‘দম’-এর জন্য প্লেব্যাক করেছেন।
কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি।
তিনি বলেন, “সিনেমাটি সব বয়সী দর্শকদের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ‘দম’ সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্য দিয়ে নিয়ে যাবে।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিনেমা নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত নানা ধরনের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হয়। তার শেষ ধাপ হলো সেন্সর সার্টিফিকেট পাওয়া। সেটিও সম্পন্ন করলো ‘দম’। গত আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই এটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা আমাদের গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। এই ঈদে বড় পর্দায় দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত।
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।
চাটগাঁ নিউজ/এমকেএন





