রাঙ্গুনিয়ার হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর দুটি হত্যা ও একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুসকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (১৬ মার্চ) নগরের পাহাড়তলী সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওস্তারপাড়া এলাকার মৃত হোসেন ওরফে বাচা মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলাসহ একটি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে একটি ১৯৯৯ সালে দায়ের হওয়া রাঙ্গুনিয়া থানার হত্যা মামলা এবং ২০১৩ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, র‍্যাব তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top