সৌদির দিকে ধেয়ে গেল ৩৭টি ড্রোন!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই এই ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে।

অবশ্য এসব ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে ছোড়া হয়েছিল, তা জানা যায়নি। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয় নিশ্চিত করতে পারেনি।

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়। আলিরেজা এনায়েতি বলেন, ‘এসব হামলার জন্য ইরান দায়ী নয়। আর ইরান হামলা চালালে অবশ্যই ঘোষণা দিত।’

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত সোমবার পর্যন্ত টানা ১৭ দিনে গড়াল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top