চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হয়েছে। বিভাগটিতে নতুন করে চারটি আধুনিক ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হয়েছে। এর ফলে সেখানে ডায়ালাইসিস মেশিনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে।
দেশের শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের অর্থায়নে মেশিনগুলো চমেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে (নেফ্রোলজি বিভাগ) স্থাপন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এসব মেশিন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজউদ্দৌলা।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন ডায়ালাইসিস মেশিন চালু হওয়ায় কিডনি রোগে আক্রান্ত রোগীরা দ্রুত ও সহজে চিকিৎসা সেবা পাবেন। এতে নেফ্রোলজি বিভাগের সামগ্রিক সক্ষমতাও বাড়বে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, নতুন মেশিন যুক্ত হওয়ায় প্রতিদিন আগের তুলনায় বেশি সংখ্যক রোগী উন্নতমানের ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চমেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগে আগে ১৪টি ডায়ালাইসিস মেশিন ছিল। নতুন চারটি যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোর হাসপাতালেও ৩১টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, যেখানে রোগীরা ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করতে পারেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






