খাল খননেই বদলাবে কৃষি ও পরিবেশ: আমির খসরু

চাটগাঁ নিউজ ডেস্ক: সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) সকালে মিরসরাইয়ে উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খাল খনন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অর্থায়ন ও পরিকল্পনা নিয়ে আগে থেকেই বিস্তারিত হিসাব-নিকাশ করা হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য ব্যয়ের পরিমাণ নির্ধারণ এবং বাজেট বরাদ্দ রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, এত বড় কর্মসূচি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে কাজ এগিয়ে নেওয়া হবে। পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, একটি খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসতে পারে। এর ফলে প্রায় ৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।

দেশের বিভিন্ন স্থানে খাল দখলের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক খাল বর্তমানে অবৈধভাবে দখল হয়ে আছে। ইতোমধ্যে এসব খালের সীমানা নির্ধারণ (ডিমারকেশন) কার্যক্রম শুরু হয়েছে। যেখানে সরকারি মালিকানা রয়েছে, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দখল করে রাখতে পারবে না। সীমানা নির্ধারণের পরই পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা এবং দুর্নীতির সুযোগ কমিয়ে আনা। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো এই খাল খনন প্রকল্পও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top