ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যৌথ অভিযান চালিয়ে নৌবাহিনী ও পুলিশ তাদের আটক করে। পরে তাদের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে এসেছে। তাদের উদ্ধার করে নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বর্তমানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top