চাটগাঁ নিউজ ডেস্ক: ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নগরের ডিসি হিলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, সামনে বর্ষাকাল আসার আগেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গেলে ডেঙ্গু মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধকে গুরুত্ব দিয়ে সরকার মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে, যাতে নগরবাসী উপকৃত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর পদক্ষেপ। চট্টগ্রামের যেসব এলাকা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ, সেসব স্থান পরিষ্কার করে একটি নিরাপদ ও সুস্থ নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউজে ডেঙ্গুর ভয়াবহতা এবং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





