চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসা থেকে অয়ন দাশ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। তিনি পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে তিনি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়ন দাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





