কুড়িয়ে পাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন পরিচ্ছন্নতাকর্মী বাবুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি : সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী বাবুন দাস। কুড়িয়ে পাওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।

গত বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি হাতব্যাগ কুড়িয়ে পান বাবুন। ব্যাগটি খুলে দেখতে পান নগদ ১৮ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি নাকফুল রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আরেক কর্মচারী মো. সাইদুল ইসলামকে অবহিত করেন বাবুন। সাইদুল ব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে গ্রাম পুলিশের সহায়তা নেন এবং খোঁজ লাগান। ব্যাপক তৎপরতার পর জানা যায়, হারানো এই সম্পদ রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা হাসপাতাল পাড়া, ৬নং ওয়ার্ড এলাকার এজলাস মিয়ার কন্যা রুমা আক্তারের।

পরে রুমা আক্তারের হাতে তার আমানত তুলে দেওয়া হয়। নিজের হারানো সম্বল ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন রুমা আক্তার।

এ বিষয়ে বাবুন বলেন, ‘পরের জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মালিককে খুঁজে না পেলে এগুলো থানায় জমা দেব। শেষ পর্যন্ত সঠিক মানুষের কাছে জিনিসগুলো পৌঁছে দিতে পেরে আমি খুব শান্তি পেলাম।’

সাইদুল ইসলাম জানান, বর্তমান সময়ে বামুনের এই সততা সমাজের জন্য একটি বড় শিক্ষা। তার এই মানবিক কাজ আমাদের গর্বিত করেছে। শুক্রবার বিকালে কুড়িয়ে পাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top