আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডে আগুন লেগে দুই মার্কিন সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আগে গত ফেব্রুয়ারিতে রণতরীটিকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়। বর্তমানে এটি লোহিত সাগরে অবস্থান করছে এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের অধীনে দায়িত্ব পালন করছে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির লন্ড্রি বিভাগ যেখানে সেনাদের পোশাক ধোয়া হয়— সেখানে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভানোর সময় দুই নৌসেনা সদস্য আহত হন, তবে তাদের আঘাত গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বলা হয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয়।
প্রায় এক লাখ টন ওজনের এই বিমানবাহী রণতরী নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলার। বর্তমানে এতে প্রায় ৪,৫০০ মার্কিন সেনা অবস্থান করছেন।
২০২৫ সালের জুনে ভার্জিনিয়ার একটি বন্দর থেকে যাত্রা শুরু করার পর রণতরীটি ছয় মাস ভূমধ্যসাগরে টহল দেয়। পরে ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এটিকে লোহিত সাগরে মোতায়েন করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





