আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিনটি বালু মহালকে মোট সাড়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বরুমছড়া ইউনিয়নের রাবার ড্যাম ও কানুমাঝির হাট এবং পরৈকোড়া ইউনিয়নের টাংগার পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
একই দিনে দুই ইউনিয়নে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানকালে টাংগার পুল এলাকায় অবৈধভাবে বালু স্তুপ করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অন্যদিকে বরুমছড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় জব্দকৃত পাইপ ধ্বংস করা হয় এবং একটি এস্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বালু পয়েন্টে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, রাবার ড্যাম, কানুমাঝির হাট ও ভরাচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে এবং এস্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী, রায়পুর, বৈরাগ, বন্দর মেরিন একাডেমি, বরুমছড়া, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নের নদীর পাড় ও ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু মহাল গড়ে উঠেছে। এতে নদীর পাড় ভাঙন, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব বালু মহাল একসময় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে একটি সক্রিয় সিন্ডিকেট এসব মহাল পরিচালনা করছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





