জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর তিন মামলা, ২২ জন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে সীতাকুণ্ড থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ এবং একটি মামলার বাদী র‍্যাব-৭। তিনটি মামলাই অস্ত্র ও বিস্ফোরক আইনে করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং একটি এলজিসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

এছাড়া ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিন এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সীতাকুণ্ড মডেল থানার অধীন জঙ্গল সলিমপুর এলাকায় বৃহৎ পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র মজুদ, পাহাড় কেটে প্লট বিক্রি এবং অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল গড়ে ওঠার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৮৭ জন সদস্য, জেলা পুলিশের ১৪৬ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮০০ জন, আরআরএফ চট্টগ্রামের ৪০০ জন, ফেনী জেলা পুলিশের ১০০ জন, পার্বত্য জেলার ৩০০ জন এবং এপিবিএনের ৩৩০ জন সদস্য অংশ নেন। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২২ জন এবং র‍্যাবের ৩৭১ জন সদস্যসহ মোট ৩ হাজার ১৮৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের সময় সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

অভিযানকে আরও কার্যকর করতে তিনটি হেলিকপ্টার, ১৫টি আর্মড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), র‍্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top