চাটগাঁ নিউজ ডেস্ক: পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের নারীরা ভোর থেকে রাত পর্যন্ত পরিবারের নানা দায়িত্ব পালন করলেও তাদের শ্রম ও অবদান অনেক সময় যথাযথভাবে মূল্যায়িত হয়নি। তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা দিতে গৃহকর্ত্রীদেরই বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এতে নারীদের হাতে কিছু অর্থনৈতিক শক্তি তৈরি হবে এবং পরিবার পরিচালনায় তাদের ভূমিকা আরও দৃঢ় হবে।
আমির খসরু আরও বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় প্রভাব রাখা হয়নি এবং সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করেছেন।
তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে, যা সঠিক নেতৃত্ব থাকলে দ্রুত কাজ করা সম্ভব—তারই প্রমাণ।
ফ্যামিলি কার্ডকে ভবিষ্যতের একটি স্মার্ট কার্ড হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামীতে জাতীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালু রাখার কথাও জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
প্রথম ধাপে চট্টগ্রাম নগরীর ৫ হাজার ৫৭৫ জন নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






