‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তি এলাকায় উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন।

সকাল ১০টা ৪০ মিনিটে বনানী টিএন্ডটি মাঠে পৌছান প্রধানমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে কড়াইল ও এর আশপাশের এলাকায় ভোর থেকেই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল হওয়ার আগেই শত শত নারী কড়াইল বস্তি সংলগ্ন উদ্বোধনী এলাকায় জড়ো হতে শুরু করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার জন্য।

মঞ্চে শুরুতে ১৭ জন নারীকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ল্যাপটপের বাটন টিপে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মোট ১৪টি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি একযোগে চালু হয়েছে। চার মাসের এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবে।

আজ থেকে যেসব এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে— রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা।

এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও এই পাইলট কর্মসূচি চালু হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top