চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকার মাতামুহুরি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভিরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে ৪–৫ জন বান্ধবী একসাথে নদীর ঘাটে গোসল করতে নামে। হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মুনি গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়।
স্থানীয়রা কিছুক্ষণ পর তাদের পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের কারণে হঠাৎ গভীর গর্ত তৈরি হয়েছে। এই ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






