সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে চলছে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি’র সমন্বয়ে এই অভিযান শুরু করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে যা আগামীকাল (মঙ্গলবার) বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথ বাহিনীর ৪ হাজার সদস্য অভিযানে অংশ নিয়েছেন। যেখানে ৫৫০ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন।

প্রসঙ্গত গত ১৯ জানুয়ারি জঙ্গল ছলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় র‌্যাবের মামলায় প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে। এছাড়া মামলায় আসামি করা হয় আরো ২০০ জনকে।

এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত তিন হাজার ১০০ একর জায়গাজুড়ে জঙ্গল ছলিমপুর এলাকার অবস্থান। পাহাড় কেটে বানানো এই খাসজমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top