চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের নাসিরাবাদ শিল্প এলাকার সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৮ মার্চ) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন প্রধান কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম সদর সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালিব খান।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকার কয়েকটি শিল্প প্লট পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে ৯৯ বছরের জন্য লিজ দেয়। লিজ চুক্তিতে সরকারের অনুমতি ছাড়া জমি বিক্রি বা বন্ধক না দেওয়ার শর্ত ছিল।
পরবর্তীতে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০০৯ সালে সাফ-কবলা দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়। পরে ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিল করে আগের দলিল সংশোধনের চেষ্টাও করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ






