কুয়েতে মিসাইল হামলায় প্রাণ গেল সন্দ্বীপের আরেক যুবকের 

সন্দ্বীপ সংবাদদাতা : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহত মোহাম্মদ জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার ৩ বছর বয়সী একমাত্র সন্তান প্রতিবন্ধি বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মিসাইল হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রবাসে থাকা সহকর্মীরা পরিবারের সদস্যদের জানিয়েছেন।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় এ মিসাইল হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই জাহেদ হোসেনের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে পরিবারকে জানানো হয়।

জাহেদ হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবারে শোকের মাতম শুরু হয়। স্বজন ও প্রতিবেশীরা জানান, তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে তিনি নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এসএ

Scroll to Top