ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বেড়ে হলো ৭ দিন

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার একদিন সাধারণ ছুটি বাড়িয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ১৮ মার্চ থেকে ঈদের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদুল ফিতরের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।

ঈদের ছুটি শুরুর আগের দিন, ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ অফিস খোলা থাকছিল। তবে আজ মন্ত্রিপরিষদে ১৮ মার্চের সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সবমিলে তারা টানা সাত দিনের ছুটি পাবেন।

এদিকে, ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি সমন্বয় করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। কারণ ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top