চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জিইসি মোড় এলাকায় এসব প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, জিইসি মোড়ে অবস্থিত হারুন বেকারির রান্নাঘরে যেদিকে চোখ যায় সেদিকেই তেলাপোকা। এমন অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি, হালিমসহ বিভিন্ন ইফতারি আইটেম ও নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছিল। এ কারণে এই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
এদিকে একই এলাকার কামাল স্টোর নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি পণ্য, মেয়াদোত্তীর্ণ ও নকল মালামাল পাওয়া যায়। এ অপরাধে দোকানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে জিইসি মোড়ের মেরিডিয়ান নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি এবং বাসি খাবার পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






