বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ইমতিয়াজ উদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ইমতিয়াজ দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌন নিপীড়নে লিপ্ত ছিল।
তিনি বলেন, প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে। ভুক্তভোগী শিশুদের বয়স ১০ বছরের কম।
শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়ত। সেখানে তাদের সঙ্গে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হতো।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






