আনোয়ারায় বিআরটিসি’র চালককে মারধরের অভিযোগ, বাস চলাচলে হুমকি

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির এক যাত্রীবাহী বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় চট্টগ্রাম-আনোয়ারা সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত বিআরটিসি চালক মো. যুবরাজ (২৬) বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে চাতরী চৌমুহনী বাজারে যাত্রী ওঠানোর সময় বাজারের নিয়োজিত লাইনম্যান এবং চট্টমেট্রো-জ-০৪-০১৫৭ রেজিস্ট্রেশন নম্বরের একটি লোকাল বাসের চালক ও সহকারীসহ মোট পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় তার শার্টের পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, বিআরটিসির আওতাধীন কোনো বাস এ সড়কে চলাচল করলে দুই-এক দিনের মধ্যে যেকোনো চালকের লাশ ফেলা হবে।

এদিকে আনোয়ারার বিভিন্ন এলাকার বাসিন্দা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা চাতরী থেকে নিউ মার্কেট পর্যন্ত বিআরটিসি বাস চলাচলকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সরকারি এ বাসসেবা চালু থাকলে সাধারণ যাত্রীদের যাতায়াতে ভোগান্তি কমবে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top