সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছে আসামী

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আলোচিত ঘটনায় আট বছরের কন্যাশিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার দায় স্বীকার করেছেন আসামী বাবু শেখ ওরফে মাহবুব আলম।

বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

তিনি বলেন, বাবু শেখ তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং আদালতে ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন। এ ঘটনায় একমাত্র আসামি বাবু শেখ। ফলে আদালতে বিচার কার্যক্রম শুরু হবে।

আদালত আগামী ২৭ এপ্রিলের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুনানি শেষে আদালত আসামীকে কারাগারে পাঠিয়েছেন।

এদিকে আদালতে আসামীকে হাজির করা হলে শত শত আইনজীবী তার ফাঁসির দাবিতে স্লোগান দেন। চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত জেলা পিপি সরোয়ার হোসেন লাভলু বলেন, জেলা প্রসিকিউশনের পক্ষ থেকে আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে, এ খুনি যেন কোনোভাবেই মুক্তি না পায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top