চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সংঘাতের চার দিনে বেসামরিক প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।

সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের নিচে বলে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

হারানার তথ্যমতে, গত চার দিনে ইরানের বিভিন্ন অঞ্চলে অসংখ্য দফায় বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ইরানে নিহত ও আহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে বিপুল তথ্য পাওয়া যাচ্ছে। তবে প্রাপ্ত সব তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত হতাহতের এই পরিসংখ্যান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : বিবিসি

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top