হালিশহরে ফ্ল্যাট বিস্ফোরণ: ঘটনাস্থল ঘুরে দেখল তদন্ত কমিটি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটি সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণের সম্ভাব্য উৎস চিহ্নিত করতে গ্যাস লাইনের সংযোগ, ফ্ল্যাটের অভ্যন্তরীণ পাইপলাইন এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়েছে। ভবনের কাঠামোগত অবস্থা এবং গ্যাস সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিকও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ভোরে ওই ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। আহতদের মধ্যে সর্বশেষ ১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মো. শিপন হোসেন (৩০) মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

নিহতরা হলেন—মো. সাখাওয়াত হোসেন (৪৬), আশুরা আক্তার পাখি (৩০), সামির আহমেদ সুমন (৪০), নূরজাহান আক্তার রানী (৪০), শাওন (১৬) এবং মো. শিপন হোসেন (৩০)।

বাকি তিনজন গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সম্ভাব্য সব কারণ বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top