সীতাকুণ্ডের মর্মান্তিক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সীতাকুণ্ডে সংঘটিত নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজার এলাকায় গিয়ে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর সময় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীর শোক প্রকাশ করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

মীর হেলাল উদ্দীন আরও বলেন, এ ঘটনা সমাজের জন্য গভীর মানসিক আঘাত। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা নিশ্চিন্তে খেলাধুলা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

উল্লেখ্য, গত সোমবার সীতাকুণ্ড পৌর এলাকার ইকোপার্ক থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামে এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন শিশুটির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটা হয় বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top