চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে একটি ডাম্পার (ছোট ট্রাক) ও দুটি এস্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হলে অভিযানের খবর টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় সেনাবাহিনীর সদস্য, লোহাগাড়া থানা পুলিশ, আনসার সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, জনস্বার্থে ফসলি জমির টপসয়েল কাটা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থল থেকে দুটি এস্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





