চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী জানান, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর ভাষ্য, কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই তিনি সরে দাঁড়িয়েছেন। নতুন পর্ষদ গঠিত হলে তাদের জন্য শুভকামনাও জানান তিনি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চেয়ারম্যানসহ অপর দুই কমিশনারও একই দিনে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে দুদকের নেতৃত্বে আবারও পরিবর্তনের আভাস মিলছে।
২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে দুই কমিশনারও নিয়োগ পান। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই পুরো নেতৃত্ব একযোগে সরে দাঁড়ালেন।
এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার পদত্যাগ করেন। তাঁরাও ব্যক্তিগত কারণ দেখান। ২০২১ সালের ৩ মার্চ তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে গঠিত হয় দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান। চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি পদত্যাগ করেন।
পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে কমিশন পুনর্গঠিত হয়। ২০০৯ সালে চেয়ারম্যান হন গোলাম রহমান, ২০১৩ সালে দায়িত্ব নেন মো. বদিউজ্জামান। ২০১৬ সালে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ইকবাল মাহমুদ। তাঁর মেয়াদ শেষে ২০২১ সালে দায়িত্ব নেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
সাম্প্রতিক সময়ে বারবার নেতৃত্ব পরিবর্তনের কারণে দুদকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এখন নজর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের দিকে।
চাটগাঁ নিউজ/এমকেএন





