চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। পরিস্থিতির কারণে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ও একটি আগমন ফ্লাইট, এবং এয়ার আরাবিয়ার দুটি বহির্গমন ও দুটি আগমন ফ্লাইট।
তবে সব ফ্লাইট বাতিল হয়নি। মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইট মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ ওভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে সকাল সোয়া ৯টায় মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা বিজি-১৩৮ ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করে এবং সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





