পার্কভিউ হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথা কেটে ফেলল চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক : নগরের পার্কভিউ হাসপাতালে ডেলিভারির সময় দুই নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ করেছেন স্বজনরা। চট্টগ্রামের নামকরা এই হাসপাতালে একই দিনে এমন দুটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ও সন্ধ্যায় পৃথক দুই চিকিৎসকের হাতে ডেলিভারি সময় এই ভয়নক ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, পার্কভিউ হাসপাতালে ডেলিভারির সময় দুই নবজাতকের মাথার পেছনে সিজারের কাটা গভীর দাগ পাওয়া গেছে। এ বিষয়ে স্বজনরা দায়িত্বরত চিকিৎকদের কাছে জানতে চাইলে তারা সদোত্তর না দিয়ে উল্টো স্বজনদের সাথে খারাপ ব্যবহার করেন। যদিও দুপুরের সময় ডেলিভারিতে দায়িত্বরত চিকিৎসকের নাম পরিচয় জানা না গেলেও সন্ধ্যায় ডেলিভারির ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ছিলেন ডা. তৌফিকুর নাহার মোনা নামের এক গাইনি চিকিৎসক।

এ বিষয়ে ভুক্তভোগী নবজাতকের বাবা সাংবাদিকদের বলেন, ইফতারের আগে আমার স্ত্রীর ডেলিভারি হয় পার্কভিউ হাসপাতালের চিকিৎসক ডা. তৌফিকুর নাহার মোনার তত্ত্বাবধানে। ডেলিভারি কিছুক্ষণ পর আমার সন্তানকে কেবিনে আনা হলে, আমার স্ত্রী সন্তানের মাথা মোড়ানো কাপড় সরাতে গিয়ে দেখে মাথার পেছনে অনেকখানি কাটা। বিষয়টা সাথে থাকা আমার বোনকে জানালে তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে জানতে চাইলেন, কেন এমন হলো? তখন ডাক্তার নিজের দোষ স্বীকার না আমার বোনের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। এসময় ডাক্তার বলেন, আপনারা নিজেরাই শিশুটার মাথা কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, এটা কেমন কথা, আমরা নাকি আমাদের সন্তানের মাথা কেটে উনাকে ফাঁসাতে চাইছি! অথচ তিনি ভুল স্বীকার করে বিষয়টা অন্যভাবে সমাধা করতে পারতেন। কিন্তু তা না করে উল্টো আমাদের ওপর দোষ চাপাতে চাচ্ছেন। আমরা এর শেষ দেখে ছাড়বো। নইলে আজকের আমাদের সাথে হয়েছে, আরেকদিন অন্যদের সাথে হবে।

এ বিষয়ে জানতে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিমকে মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

এর আগে ২০২২ সালের মে মাসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ডা. তৌফিকুর নাহার মোনার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এসময় সন্তান প্রসবের সময় গাইনী বিশেষজ্ঞ মোনা এবং তার টিমের বিরুদ্ধে নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ উঠে। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top