মহেশখালীতে কোস্ট গার্ডের সহযোগিতায় নিষিদ্ধ জাল জব্দ

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের বাঁকখালী ও মহেশখালী চ্যানেলে কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ বেহুন্দি জাল ও চরঘেরা জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে কোস্ট গার্ড। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২ মার্চ) সকাল থেকে বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন মহেশখালী চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহেদুল ইসলাম।

তিনি জানান, মহেশখালী চ্যানেলে অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।

তিনি আরও বলেন, সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল মহেশখালী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে বলে কোস্ট গার্ডের সদস্যরা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top