রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়ে সিদরাতুল মুনতাহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকার ২ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনতাহা মাদ্রাসা থেকে ছুটি শেষে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলছিল। অভিযোগ রয়েছে, ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ওপরের তলায় কাজ করার সময় একটি ভারী লোহার রডের অংশ ছিটকে নিচে পড়ে যায় এবং সরাসরি মুনতাহার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে রোববার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুনতাহা স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর কন্যা। সোমবার (২ মার্চ) সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পূর্ব সৈয়দ বাড়ি এলাকা। প্রতিবেশীরা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ভবন মালিক ও সংশ্লিষ্ট নির্মাণশ্রমিকদের অবহেলাকে দায়ী করেছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






