চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ও একটি আগমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি ডিপার্চার ফ্লাইট।
তবে সব ফ্লাইটই বাতিল হয়নি। মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ সোমবার (২ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজ ওভি-৪০২ ফ্লাইট হিসেবে সকাল সাড়ে ৯টায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






