চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি ও স্বাগত জানাচ্ছি।”
রোববার (১ মার্চ) নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “অনেক ঘাত-প্রতিঘাত, জুলুম-নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রামকে নতুনভাবে সাজাতে চান। চট্টগ্রামের ছেলে হিসেবে আগামীতে চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চাই’।
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি করপোরেশন–এর মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা।
চাটগাঁ নিউজ/জেএইচ





