চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের কলাতলীর এন আলম গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আবু তাহের ৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
রবিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশী আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন।
আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নাছির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের একজন আবু তাহের। চট্টগ্রামে তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা নিয়ে যান। রবিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেন। মরদেহ কক্সবাজারে আনার প্রক্রিয়া চলমান।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, আগুনে দগ্ধ একজনের ঢাকায় মৃত্যু হয়েছে শুনেছি। মরদেহ কক্সবাজারে আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে প্রায় ৩০টি গাড়ি, ৪টি বাড়িসহ বিভিন্ন অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন। তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ জানান, চিকিৎসাধীন ৬ জনের মধ্যে আবু তাহের ৯০ শতাংশ, রহিম ৫০ শতাংশ, সিরাজ ৪০ শতাংশ, সাকিব ৩০ শতাংশ এবং মেহেদি ও মোতাহের ২০ শতাংশ করে দগ্ধ হয়েছেন।
এদিকে এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





