সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন ফকিরহাটস্থ ইকোপার্কে ৭ বছর বয়সী হীরা নামে এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

হীরা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

থানা সূত্রে জানা গেছে, ফকিরহাটস্থ ইকোপার্কে একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুটির গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে ইকোপার্কে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার পর অনেক কষ্টে শিশুটি তার নাম-পরিচয় জানাতে সক্ষম হয়।

পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top