আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসি–এর একটি শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরে অবস্থিত ব্যাংকটির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তাঁর পরিবার ও আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে। তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগনে জামাই দীলিপ দে (৪৫) বলেন, তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। আমি পরিবারকে জানিয়েছি। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, সকাল সাড়ে আটটার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাঁকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






