চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ-৪২-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ব্যাচ-৪২-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাদিন রোজা রেখে বন্ধুরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই মিলনমেলায় অংশ নিতে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাতে রোজার ক্লান্তি যেন নিমিষেই মিলিয়ে যায়। পুরো আয়োজনটি ছিল পারিবারিক আবহে ভরপুর। শিশুদের সরব উপস্থিতি ও দিকবিদিক ছোটাছুটি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা ও প্রাণচাঞ্চল্য।

ইফতার অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাচের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল্লাহ আল ফারুক চৌধুরী। যুগ্ম আহ্বায়ক ছিলেন মাহমুদুল হক মুকুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত হোসেন পিও। ব্যাচ-৪২ চবির সভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক অভিবাদন জানান। ব্যাচের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বন্ধুত্ব ও পুনর্মিলনের অঙ্গীকার আরও দৃঢ় হয়। বন্ধু তুষার রেলের মাধ্যমে কক্সবাজার ভ্রমণের আয়োজনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আশফাক সামির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চড়ুইভাতির আয়োজনের ঘোষণা দেন, যা ভবিষ্যৎ মিলনমেলার নতুন প্রত্যাশা তৈরি করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top