চাটগাঁ নিউজ ডেস্ক: অমর একুশে উপলক্ষে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আঁকা ও লেখা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এটি শুধু বিজয়ের জন্য নয়, বরং নিজের প্রতিভা তুলে ধরা ও নতুন কিছু শেখার সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় বিজয়। এখানে তোমরা অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং নতুন কিছু শিখবে। যারা সুন্দরভাবে চিত্রাঙ্কন করেছো কিংবা কবিতা বা অনুচ্ছেদ লিখেছো, তারা হয়তো নতুন কোনো ভাবনার জগৎ সৃষ্টি করছো। তাই মনের আনন্দে আঁকো ও লেখো। তোমাদের এই প্রচেষ্টাই তোমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং এগিয়ে যেতে সহায়তা করবে।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে এবং জিনিয়াসের সদস্য সচিব বিলকিছ আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল, জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াসের উপদেষ্টা মুহাম্মদ ছৈয়দ সিআইপি, শরীফ আর্ট স্কুলের পরিচালক ও চারুশিল্পী আমিরুল হক এমরুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সরোজ আহমেদ বলেন, মাতৃভাষার প্রতি নতুন প্রজন্মের টান বাড়াতে এবং ভাষার মাস ফেব্রুয়ারি উদযাপনে ‘জিনিয়াস’ আয়োজিত আঁকা ও লেখা প্রতিযোগিতা একটি অনন্য উদ্যোগ। এ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের মনে ভাষা ও সংস্কৃতির চেতনা জাগিয়ে তুলে তাদের জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করা। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস ও দেশপ্রেমের সঙ্গে পরিচিত করার একটি কার্যকর মাধ্যম তৈরি হয়েছে। সবার সহযোগিতায় এ উদ্যোগ আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে মোট ৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় নাট্যভিনেতা মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, শিক্ষক অন্তিম পাল, তানজিম আহমেদ ও তাসনোভা আহমেদ তাহিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





