চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দু’জন মারা গেছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সানু ধর (২৫) ও বিশ্বজিৎ ধর (২৯) মোটরসাইকেলে চট্টগ্রাম নগরী থেকে আমিরাবাদে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাইসাইকেল আরোহী স্বপন দে’সহ তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানু ধর ও স্বপন দে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন




