চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় প্লাস্টিক কারখানার হেলপার আকাশ দাশ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা হাকিম মাঝির ছেলে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে গেট থেকে জোরপূর্বক বাইরে নিয়ে যায়। এ সময় আকাশ দাশ এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদাসহ ১২ থেকে ১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আকাশ দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ দাশ (২৬) দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি ওই প্লাস্টিক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর নিহতের বাবা পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





