ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা সামরিক হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দেশটির দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এর পরপরই বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সামরিক সূত্র বলছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয় রয়েছে এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতেও বিমান বাহিনী প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাইরেন বাজতে থাকে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ কক্ষে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক অভিযানের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আমরা আগেই সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন এক পথে এগোচ্ছ, যার পরিণতি আর তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না।

এর আগে তেহরানের অতি-নিরাপত্তাবেষ্টিত পাস্তুর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলো।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top