রাঙ্গুনিয়ায় খালে স্থাপনা নির্মাণ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

অভিযানে দেখা যায়, রাস্তার পাশের একটি প্রবাহমান খাল দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি জলাধার ও খাল দখলের অকাট্য প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, খালটি দখলের কারণে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল বা জলাধার দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top