চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার কম্পন হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ৫ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
চাটগাঁ নিউজ/এসএ





