চাটগাঁ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জেলেদের একটি জালে ধরা পড়েছে প্রায় ১০০ মণ লাল কোরাল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাছ বোঝাই ট্রলারটি কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ঘাটে ভিড়ে। সেখানে দরকষাকষির পর মাছগুলো ২২ লাখ টাকায় বিক্রি হয়।
ট্রলারটির মালিক মোহাম্মদ মিজান ও মো. হারুন নামে দুই ব্যক্তি। তারা জানিয়েছেন, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে গিয়েছিল তাদের ট্রলার। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে শীলেরকুম এলাকায় জাল ফেলার পর মঙ্গলবার বিকেলে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন গড়ে ৫-৬ কেজি। সব মিলিয়ে ধরা পড়া মাছের পরিমাণ ১০০ মণ। মণপ্রতি ২২ হাজার টাকা করে ২২ লাখ টাকায় বিক্রি করেছেন তারা।
ট্রলারটির মাঝি রহমত উল্লাহর ভাষ্য, কয়েকদিন ধরে সমুদ্রে মাছ না পাওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। মঙ্গলবার বিকেলে একসঙ্গে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।
কায়ুকখালী ঘাটে ট্রলারটি পৌঁছানোর পর মাছ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শুরুতে মাছের দাম ৪৫ লাখ টাকা হাঁকা হয়। দরকষাকষির পর ব্যবসায়ী রশিদ আহমেদ ২২ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।
জেলেরা জানিয়েছেন, লাল কোরাল সাধারণত গভীর সমুদ্র ও প্রবাল এলাকায় ঝাঁক বেঁধে চলাচল করে।
বাজারের সামুদ্রিক মাছের সংকট রয়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, লাল কোরালের বেশ চাহিদা রয়েছে। বিক্রি হওয়া মাছগুলো কক্সবাজার ও ঢাকায় পাঠানো হচ্ছে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম বলেন, সুস্বাদু লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি হতে পারে। একসময় হাটবাজারে সহজলভ্য ছিল এই মাছ, এখন কমে যাচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






