ক্রীড়া ডেস্ক: ক্রিকেট মাঠে সাফল্যের আলোয় উজ্জ্বল ক্যারিয়ার থাকলেও এখন রাজনৈতিক পরিচয়ই বড় হয়ে উঠেছে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার জীবনে। দীর্ঘ ১৬ মাস ধরে বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি সাকিবকে, আর মাশরাফিও অনেকদিন ধরেই আছেন আলোচনার বাইরে। যদিও বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিয়েছেন সাকিব, দেশের ক্রিকেটে তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ও আলোচনা থামেনি।
এই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে হলে আগে আইনি জটিলতা কাটাতে হবে দুই ক্রিকেটারকে।
আজ ঢাকায় এক ইফতার বিতরণ অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘দেখুন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনজীবীর মাধ্যমে তাদের যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করে তারা যদি নিরাপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে তাদের স্বাগত জানাব। আমরা এ ব্যাপারে শতভাগ নমনীয় থাকব ইনশাআল্লাহ।’
সাকিবের বিরুদ্ধে রয়েছে পোশাক শ্রমিক হত্যা মামলা, শেয়ারবাজার কেলেঙ্কারি ও চেক প্রতারণাসহ একাধিক অভিযোগ। মাশরাফির নামেও রয়েছে মামলা। ফলে ক্রিকেটে ফেরা এখন শুধু পারফরম্যান্সের প্রশ্ন নয়, আইনি লড়াইয়ের বিষয়ও হয়ে দাঁড়িয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি একজন খেলোয়াড়। সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি। আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যেহেতু তাদের মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে, সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত।’
ধারাবাহিক রেকর্ড গড়ে ‘রেকর্ড আল হাসান’ তকমা পাওয়া সাকিব দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। আর ওয়ানডেতে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ জয়ের কীর্তি রয়েছে মাশরাফির নামের পাশে। তবুও রাজনৈতিক পরিচয়ের কারণে গত দেড় বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও তাদের দেখা যায়নি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ ও ২০২৬ আসরেও অংশ নিতে পারেননি সাকিব। মাশরাফি সর্বশেষ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তারাও মাঠের বাইরে।
এদিকে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই তিনি ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব।
এক পডকাস্টে সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই সাকিব আসবেন, আমরা উৎসবমুখর থাকব।’
চাটগাঁ নিউজ/জেএইচ






